কেন ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদো, বেকহ্যাম ও কান্তোনার নাম লেখা জার্সি বিক্রি করছে না
ম্যানচেস্টার ইউনাইটেড তাদের কিংবদন্তি খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম ও এরিক কান্তোনার নাম লেখা জার্সি বিক্রি করছে না। এর কারণ হলো এই তিন ফুটবলারের ইমেজ রাইটস বা নাম ব্যবহারের অধিকার তাদের নিজেদের কাছে সংরক্ষিত।
ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল মেগা স্টোরে ২০২৫-২৬ মৌসুমের নতুন জার্সি কিনতে গিয়ে ভক্তরা এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তারা দেখছেন একটি বিশেষ ঘোষণা—"লাইসেন্স জটিলতার কারণে ক্লাবের তিন কিংবদন্তি কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর নাম জার্সিগুলোতে ছাপা সম্ভব নয়।" এই নিষেধাজ্ঞা প্রথম দিকে অনেককে অবাক করলেও এর পেছনে রয়েছে ক্লাবের একটি পুরোনো ও প্রায় অজানা নীতি।
মূলত, এই তিন কিংবদন্তি ফুটবলারের নাম বা চিত্র ব্যবহারের পূর্ণ অধিকার তাদের ব্যক্তিগতভাবে সংরক্ষিত। অর্থাৎ, তাদের নিজস্ব ইমেজ রাইটস রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে ম্যানচেস্টার ইউনাইটেড বিষয়টি নিশ্চিত করেছে, জানিয়ে দিয়েছে, "ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম ও এরিক কান্তোনা—তিনজনেরই ইমেজ রাইটস বা নাম ব্যবহারের অধিকার তাদের ব্যক্তিগতভাবে রয়েছে। তাই ক্লাবের মেগা স্টোরে তাদের নাম লেখা জার্সি ছাপা যায় না।"
এই তিন তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল নাম। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে তারা ক্লাবকে অসংখ্য শিরোপা ও স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন। বিশেষ করে, রোনালদো ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্লাবে ফিরে এসেছিলেন, যদিও কোচ এরিক টেন হাগের সঙ্গে মতবিরোধের কারণে তার এই ফেরা দীর্ঘস্থায়ী হয়নি।
জার্সির গায়ে এই তারকাদের নাম ছাপাতে না পারায় ভক্তরা কিছুটা হতাশ হলেও, অনেকেই এটিকে ব্যক্তিগত অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এদিকে, রুবেন আমোরিমের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত ইউনাইটেড দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার শিকাগোতে বোর্নমাউথের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0